গাইবান্ধা প্রতিনিধি: উদ্বোধনের আলো জ্বলার আগেই আঁধারে ডুবে যাওয়া এবং সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর পর অবশেষে গাইবান্ধার মওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার বৈদ্যুতিক তার চুরির অভিযোগ আনা হলেও কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে গত ২০ আগস্ট, সেতুর উদ্বোধনের দিন। কর্তৃপক্ষ যখন সেতুর শোভাবর্ধক বাতি জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যায়, তখনই চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। ফলে, জেনারেটরের আলোয় নামমাত্র উদ্বোধনী আনুষ্ঠানিকতা সারতে হয়।
আরও পড়ুন: ভাসানী সেতুতে বিশৃঙ্খলা: তার চুরির পর বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
এর পরিণতি হয় ভয়াবহ। উদ্বোধনের দিন সন্ধ্যায় সেতুতে আলো না থাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং বেপরোয়া যানচলাচলের কারণে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার প্রাণহানি ঘটে। এই মৃত্যু ও অব্যবস্থাপনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরপরেই টনক নড়ে কর্তৃপক্ষের। শুক্রবার রাতে সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী বলেন, “এটি কোনো সাধারণ চোরের কাজ নয়। যারা এই বিপুল পরিমাণ তার চুরি করেছে, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য হতে পারে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে পুলিশি নিরাপত্তাসহ আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছি।”
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।
