কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে চিহ্নিত মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও তার ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। চাঁদার টাকা না পেয়ে এই হামলা চালানো হয় বলে ভুক্তভোগী ব্যবসায়ী বাদশা মিয়া দাবি করেছেন।
এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী বাদশা মিয়া কালুখালী থানায় রাসেদ শেখ, রাশিদুল শেখ, রুবেল শেখ ও দেলবর শেখ নামে চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (২৪ আগস্ট) কালুখালীর মোহনপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিকদের কাছে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী বাদশা মিয়া। তিনি মোহনপুর গ্রামের নুরনবী মিয়ার ছেলে এবং বাজারের একজন বিকাশ ও ইলেকট্রনিকস ব্যবসায়ী।
বাদশা মিয়া জানান, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তিনি এসবের প্রতিবাদ করায় অভিযুক্তরা তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা সংঘবদ্ধ হয়ে তার ভাই মজিবর মিয়াকে বেধড়ক মারধর করে। আহত মজিবর বর্তমানে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, “থানায় অভিযোগ দায়ের করার পর থেকে চাঁদাবাজরা আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” বিষয়টি রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য সদরুল আমীন হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অবগত আছেন বলেও তিনি উল্লেখ করেন।
