সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বিএনপির সদস্য নবায়ন ও ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আহ্বায়ক কমিটির পদত্যাগ দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির সহসভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলামের নেতৃত্বে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে ঝাড়ু মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মাঠেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা এসময় জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিকসহ সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং কুশপুত্তলিকা দাহ করেন।

সমাবেশে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা এমএ মালেক, জেলা বিএনপির উপদেষ্টা ও কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদাসহ অনেকে।

এদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক অভিযোগ অস্বীকার করে বলেন, “কোনো অনিয়ম হয়নি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করা হচ্ছে।”