বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য জীবনে নামছে ইতি। চলতি বছরের শুরুতে থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন শোনা গেলেও এখন তা নিশ্চিতভাবে আদালতের দোরগোড়ায় পৌঁছেছে।

বলিউড লাইফের খবরে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বান্দ্রা ফ্যামিলি কোর্টে সুনীতা হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫-এর ধারা ১৩(১)(i), (ia), (ib) অনুসারে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। আদালতের নথিতে বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে— পরকীয়া, নিষ্ঠুরতা ও পরিত্যাগ।

গোবিন্দ-সুনীতার বিয়ে হয় ১৯৮৭ সালে। তবে গত কয়েক মাস ধরে দুজন আলাদা বসবাস করছেন। এ সময়ে সুনীতা নিয়মিত আদালতে হাজিরা দিলেও, গোবিন্দ একাধিকবার অনুপস্থিত থেকেছেন। এমনকি আদালতের সমন জারি করার পরও তিনি হাজির হননি। অবশেষে গত মে মাসে কারণ দর্শানোর নোটিশ জারির পর তিনি আদালতে উপস্থিত হন। যদিও ভার্চুয়াল কাউন্সেলিংয়ে অংশ নিয়েছেন কিনা তা স্পষ্ট নয়।

২০২৫ সালের জুন থেকে আদালতের নির্দেশে তারা পরামর্শ সেশনে অংশ নিলেও সম্পর্কের টানাপোড়েন কমেনি। এরই মধ্যে শোনা যাচ্ছে, বিচ্ছেদ প্রক্রিয়া চলাকালে গোবিন্দ এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন।

এ বছরের শুরুতেই সুনীতা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গোবিন্দকে আর কখনো বিয়ে করতে চান না। অন্যদিকে অভিনেতা তখন দাবি করেছিলেন— “ডিভোর্সের প্রশ্নই আসে না, কেবল ব্যবসায়িক আলোচনা চলছে।” কিন্তু বাস্তবে সম্পর্কের ভাঙন যে অচিরেই আইনিভাবে মীমাংসিত হবে, তা এখন স্পষ্ট।