অনলাইন ডেস্কঃ ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আগামীকাল (বৃহস্পতিবার) একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে তিনি বলেন,“আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে, সেই ঘটনার জন্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখপ্রকাশ করছি। আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি আগামীকাল একটি তদন্ত কমিটি গঠন করবো।”

শিক্ষার্থীদের প্রতি মমতা প্রকাশ করে কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “তোমাদের সবাইকে অনেক অনেক স্নেহ-ভালোবাসা। তোমরা ভালো থাকো, আমি এই কামনা করি।”

এ সময় তিনি রংপুরে ঘটে যাওয়া আরেকটি ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে তিনি কথা বলেছেন। সেখানে দায়ের হওয়া একটি জিডির আসামিকে গ্রেপ্তারের বিষয়ে আশ্বাস দিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

শেখ মো. সাজ্জাত আলী জানান, “ওই জিডির আসামিকে ধরার বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রতিশ্রুতি দিয়েছেন। যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তার করা হবে।”