রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার আস্তানায় বিক্ষুব্ধ জনতার হামলা, অগ্নিসংযোগ ও ভক্তদের পাল্টা সংঘর্ষে রাস্তায় প্রাণ হারিয়েছেন রাসেল মোল্লা (২৮)। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।

নিহত রাসেল মোল্লা দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রিপাড়ার আজাদ মোল্লার ছেলে। তিনি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের কাভার্ডভ্যান চালক ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাসেলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

রাসেলের বাবা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. আজাদ মোল্লা জানিয়েছেন, রাসেল ছোটবেলা থেকেই গোয়ালন্দ পাক দরবার শরিফে যাতায়াত করতেন এবং দরবারকে ভালোবাসতেন। তার দাদা ও পরিবারের অন্যান্য সদস্যও এই দরবারের ভক্ত ছিলেন।

গতকাল (শুক্রবার) রাসেল যখন গোয়ালন্দ পাক দরবার শরিফে গিয়ে ছিলেন, তখন হঠাৎ সংঘর্ষ শুরু হয়। বাবার কথায়, আমার ছেলের মুখে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে, পেছন থেকে কুপিয়ে রক্তক্ষরণে মারা যায়। আমার ছেলের কি দোষ ছিল? কেনো আমার ছেলেকে হত্যা করা হলো? আমি তার হত্যার বিচার চাই।

মামলার বিষয়ে জানতে চাইলে আজাদ মোল্লা জানান, এখনো কোনো সিদ্ধান্ত নেই। পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে, নুরাল পাগলার আস্তানায় হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত ৩,৫০০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব জানিয়েছেন, আসামিদের ধরতে পুলিশ অভিযান চালানো হচ্ছে।

রাজবাড়ীর গোয়ালন্দে সংঘটিত এই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, এবং হাসপাতালে চিকিৎসা চলছে।