অনলাইন ডেস্ক: দেশজুড়ে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে পরিচালিত পুলিশের এক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯৮২ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং বাকি ৫৩৩ জনকে অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দেশব্যাপী এই সাঁড়াশি অভিযানে মোট ৯টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আগ্নেয়াস্ত্র: একটি রিভলবার, একটি পিস্তল, একটি জি-৩ রাইফেল, একটি এমএ ভেরিয়েন্ট রাইফেল, একটি এলএম-১৬ ভেরিয়েন্ট রাইফেল, একটি ১২ বোরের একনলা বন্দুক, একটি এলজি, একটি দেশীয় এলজি এবং একটি পাইপগান।
গুলি ও ম্যাগাজিন: ৯টি ম্যাগজিন, ৫১১ রাউন্ড গুলি এবং ৭ রাউন্ড কার্তুজ।
অন্যান্য অস্ত্র: তিনটি চাপাতি এবং দুটি চাইনিজ কুড়াল।
পুলিশ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের ধরতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
