অনলাইন ডেস্ক: রোহিঙ্গা সমস্যার কোনো সম্ভাব্য সমাধান না থাকাকে বাংলাদেশের জন্য ‘কঠিনতম সংকট’ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ড. মো. তৌহিদ হোসেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আশ্রয়-শিবিরে রোহিঙ্গাদের নতুন প্রজন্ম বড় হচ্ছে, যারা ক্যাম্পের জীবন মেনে নেবে না এবং এই সমস্যাটি শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের জন্যই এক ভয়াবহ সংকট তৈরি করতে চলেছে।

আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড এনালিটিকস (দায়রা)’ এই সম্মেলনের আয়োজন করে।

ড. তৌহিদ হোসেন বলেন, “যখন রোহিঙ্গারা আমাদের দেশে প্রবেশ শুরু করে, তখন সবাই ভেবেছিল এটি একটি সাময়িক সমস্যা। একমাত্র আমি বলেছিলাম, এই সংকট দীর্ঘায়িত হবে। কারণ মিয়ানমারের সেনাবাহিনীর (তাতমাদোর) লক্ষ্যই ছিল তাদের দেশকে রোহিঙ্গাশূন্য করা। সুতরাং, তাদের ফেরত পাঠানোর সুযোগ কোথায়?”

তিনি আরও বলেন, “ক্যাম্পে রোহিঙ্গা শিশু-তরুণের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এই প্রজন্ম বড় হয়ে ক্যাম্পের জীবনব্যবস্থা মেনে নেবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।”

বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করেও পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “সব সংকটের পরেও আমি বাংলাদেশ নিয়ে আশাবাদী। কারণ ২০২৪ সালের জুলাই মাসে দেশের তরুণ নেতৃত্ব যেভাবে ফ্যাসিবাদকে হটিয়ে নতুন স্বপ্ন দেখিয়েছে, তা আমাদের ইতিবাচক হতে শেখায়।”

তিনি বলেন, তরুণরা ভুল থেকে শেখে এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি বিশ্বাস করেন, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশে এক নতুন ‘ভিশনারি রাজনীতি’র সূচনা হবে। এই লক্ষ্য অর্জনে তিনি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত জ্ঞানভিত্তিক শিক্ষার পাশাপাশি দক্ষতামূলক প্রশিক্ষণের ওপর জোর দেন।