অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রর পর এবার যুক্তরাজ্যও অভিবাসন আইন লঙ্ঘনকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ১৫ বাংলাদেশিকে একটি বিশেষ চার্টার ফ্লাইটে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। ফ্লাইটটি আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কূটনৈতিক সূত্র মতে, ফেরত পাঠানো অভিবাসীদের বহনকারী ফ্লাইটটি (HFM851) বৃহস্পতিবার রাতে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ইসলামাবাদে যাত্রাবিরতির পর আজ দুপুর ২টা ১০ মিনিটে এটি ঢাকায় পৌঁছায়।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারীও রয়েছেন। যাত্রী তালিকা অনুযায়ী, তারা মূলত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বাসিন্দা। বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার শাখা জানায়, ফেরত আসা যাত্রীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল, কারণ তাদের কারো কারো পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ফেরত আসাদের মধ্যে অন্তত ছয়জনের কোনো পেশা উল্লেখ ছিল না। বাকিদের মধ্যে কেউ যুক্তরাজ্যে শিক্ষার্থী হিসেবে গিয়েছিলেন, আবার কেউ রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনেক বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থান করেন। দেশটি তাদের নিজস্ব আইনের ভিত্তিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং এই ফেরত পাঠানোর প্রক্রিয়াটি বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই সম্পন্ন হয়েছে।