গাইবান্ধা প্রতিনিধি: উদ্বোধনের এক সপ্তাহ না পেরোতেই গাইবান্ধার মওলানা ভাসানী সেতু যেন চোরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বৈদ্যুতিক তার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সেতুর রিফ্লেক্টর লাইট চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) রাতে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, লোকমুখে রিফ্লেক্টর লাইট চুরির বিষয়টি শুনে তিনি পুলিশকে মৌখিকভাবে অবগত করেছেন। তবে ঠিক কতগুলো লাইট চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
এর আগে, গত ২০ আগস্ট উদ্বোধনের মাত্র একদিন পরই প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। ওই ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা হলেও এখনো কোনো আসামি শনাক্ত বা গ্রেপ্তার হয়নি। নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চললেও সেতু ও এর সংযোগ সড়ক এখনো অন্ধকারেই ডুবে আছে।
এই পরিস্থিতিতে বারবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাষ্ট্রের এত বড় একটি স্থাপনায় ন্যূনতম কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। সেতুর সিকিউরিটি ইনচার্জ মামলা করলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় চোরেরা আবারও সুযোগ নিয়েছে। হাজারো দর্শনার্থী ও যাত্রীর চলাচল সত্ত্বেও সন্ধ্যার পর সেতুটি ভুতুড়ে অন্ধকারে নিমজ্জিত থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
বারবার এমন ঘটনায় সেতুর রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের অবহেলা এবং গাফিলতিকেই দায়ী করছেন সাধারণ মানুষ।
